পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
নিহতরা হলেন- পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সের চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। এ সময় পাবনা এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও বুলু খাতুন মারা যান। আহত হন কয়েকজন।
তিনি জানান, মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থেলে পৌঁছে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে রয়েছে।