বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির অস্টম জাতীয় সম্মেলনে ইয়াহিয়াকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতি ও অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে বিভাজিত দুটি অংশ ঐক্যবদ্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি বক্তব্য রাখেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে সারাদেশের অধিকাংশ জেলা বারের আইনজীবী নেতৃবৃন্দ প্রতিনিধি হিসেবে অংশ নেন। আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ এবং মুক্তিযুদ্ধের আর্দশে সংবিধান পুর্নবহালের দাবীকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।