জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ এর কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে বুধবার যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, বনায়নের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ সভার আয়োজনব করে স্বেচ্ছাসেবী সংগঠন “নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ” (এনএএফসি)। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী-সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ।
আয়োকেদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে এবং জীববৈচিত্র্য রক্ষায় স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন।