কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে (২৩ জুন) ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদকর্মী মারধরের ঘটনায় চারজনকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার দলটির ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকেই গতকাল এই চারজনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঘটনার পরপরই ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তাঁর খোঁজখবর নেন। এ ছাড়া ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে দলের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে।