চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় নেতৃত্বধীন জোট জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি এই দলটির মতোই হবে বলে হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলে তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট এই জাতিকে আল্লাহতাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র দুই বছর আগে মুক্তি দিয়েছিলেন।’
‘সেই সময় যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে’ মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘তারা তখন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিল, নির্বাচিত হলে যত হত্যা ও নির্যাতন হয়েছে সবগুলোর বিচার করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরং চার মাসে ৬০০ জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরও দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, ২০ কোটি মানুষের জন্য তাদের কী দায় এবং দরদ থাকবে?’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই (বিএনপি) সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘এই নতুন সরকার গঠিত হওয়ার পর গত চার মাসে আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে) নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। কোনো নতুন তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এছাড়া ‘আইনমন্ত্রী বিচার না করার কারণে স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়ায় স্পেস দিচ্ছেন।’
সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা পুরোনো রূপেও ফিরবে না, আর নতুন রূপেও ফিরতে দেবো না আমরা।’