দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক
Reporter Name
/ ২
Time View
Update :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Share
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। অক্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নে লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উপজেলাটি।
শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে এ সাফল্য এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। সব মিলিয়ে নিবন্ধন কার্যক্রমে গড়ে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হয় উপজেলাটি।
সোমবার (৯ নভেম্বর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের তথ্য থেকে এ ফলাফল জানা গেছে।
সূত্র জানায়, উপজেলা পর্যায়ে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা। তাদের অর্জন ১৪১ শতাংশ। ১৩৪ শতাংশ অর্জন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; বরং এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আমি এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সবাইকে তাঁদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা উপজেলা ভবিষ্যতেও সেবার মান ও দক্ষতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’
দেশসেরা হওয়ার অনুভূতি প্রকাশ করে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতায় এ ফলাফল সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথমবারের মতো দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে গলাচিপা উপজেলা। এ ছাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা চার মাস জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।
এরও আগে, ২০২৪-২০২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দুইবার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন দুমকী উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।