• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব মেনে নেওয়া হবে না: চিফ হুইপ

ইউনাইটেড ডেস্ক / ৩৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ।

এবারের স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি।
১১ অক্টোবর (রোববার) জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

চিফ হুইপ জানান, বৈঠকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। সরকার যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে, তার সুফল মাঠপর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে কি না, তা গভীরভাবে মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার চেষ্টা করবে। দলীয়ভাবে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে, যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তাই তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিফ হুইপ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন। তবে নির্বাচন কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। প্রকৃত অর্থে যিনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্য, তিনি যেন নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। সংসদের ভেতরে ও বাইরে দলীয় কার্যক্রম, সংসদ সদস্যদের দায়িত্ব এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের সমস্যা জানতে হবে এবং সেগুলো সমাধানে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। সরকারের কার্যক্রমের সুফল যেন জনগণের কাছে পৌঁছায়, সে বিষয়েও সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category