নীলফামারী শহরের আলিয়া মাদরাসার মাঠ সংরক্ষণ, দোকান ঘর নির্মাণ করে মাঠ সংকুচিত করার প্রতিবাদ এবং মাদরাসা পরিচালনা কমিটি পুর্নগঠন করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় গণমান্যব্যক্তিরা।
বুধবার(৭অক্টোবর) জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবিরের কাছে স্মারকলিপি দেয়া হয়।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, এ্যাডভোকেট সানাউল হক তনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এতে উল্লেখ করা হয় আলিয়া মাদরাসা মাঠটি মৃত ব্যক্তিদের জানাযার জন্য ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ দিন থেকে পাশাপাশি মাঠটিতে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলায় মেতে উঠেন।
কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ মাঠটি সংকুচিত করার জন্য দোকান ঘর নির্মাণ শুরু করেছে যা জানাযাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। প্রধান ফটক বন্ধ থাকায় মাঠে প্রবেশ করতে পারে না শিশু কিশোররা। মাদরাসা পরিচালনা কমিটিতে স্থানীয় কোন গণ্যমান্য ব্যক্তিকেও রাখা হয়নি এমনকি স্থানীয়দের মতামত না নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ দোকান ঘর নির্মাণ করছে।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, মাদরাসা মাঠে দোকান ঘর নির্মাণ বন্ধ, প্রধান ফটক খোলা রাখা, পরিচালনা পর্ষদ পুর্নগঠন এবং কমিটিতে স্থানীয় মানুষদের থেকে বিদ্যুৎসাহী সদস্য রাখার দাবী জানিয়েছি আমরা জেলা প্রশাসকের কাছে।