• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

যশোর প্রতিনিধি: / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

যশোরের চৌগাছার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন হত্যার অভিযোগে চারজনকে অভিযুক্ত করে আদালতে পুলিশ চার্জশিট দিয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ মামলার অপর সাত আসামির চার্জশিটে অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সালিমুল হক আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন, হুদা চৌগাছা গ্রামের শরিফুল ইসলাম কালু,  টিপু, চাঁদপুর গ্রামের সাইফুল ইসলাম ফিকির এবং কুটিপাড়া গ্রামের নাহিদ।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে। তিনি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর শাহিন ঢাকায় চলে যান। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন। ১৬ ফেব্রুয়ারি সকালে চুল কাটার উদ্দেশ্যে শাহিন বাসা থেকে বের হন। ফেরার পথে চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ডের কুটিপাড়া মোড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে শাহিনুর রহমানের ওপর হামলা চালায় অভিযুক্ত আসামিরা।

হামলাকারীরা পেছন থেকে তার মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত শাহিনুরকে প্রথমে চৌগাছা, পরে যশোর হয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা ১১ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের সঙ্গে নিহত শাহিনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই শাহিনকে হত্যা করা হয়েছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলাম, সালাউদ্দিন, হাসিবুল, জালাল উদ্দিন, মাফী, ফারুক হোসেন ও স্বপনের অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category