• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মো. শেখ ছাদেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, গ্রাম আদালতের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্পৃক্ত করা গেলে এ কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানা সম্ভব হবে। প্রতি মাসে ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউস, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করা যেতে পারে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বলেন, ইউনিয়ন পরিষদগুলোর সামনে গ্রাম আদালতের সাইনবোর্ড দেখে তাঁর ভালো লেগেছে। দরিদ্র মানুষ বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে বছরের পর বছর ঘুরতে গিয়ে আরও দরিদ্র হয়ে পড়েন। গ্রাম আদালত সম্পর্কে মানুষের সচেতনতার অভাবে অনেকে উচ্চ আদালতের দ্বারস্থ হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আরও সক্রিয় হলে দরিদ্র মানুষ উপকৃত হবেন।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, গ্রাম আদালত পরিচালনার জন্য এজলাসের মতো সুন্দর পরিবেশ রয়েছে। এটি যথাযথভাবে ব্যবহার করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সচেতন করা না গেলে গ্রাম আদালত কার্যকর হবে না। এ ক্ষেত্রে স্থানীয় সরকারের উপপরিচালকের কার্যালয় থেকে তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।

ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বলেন, জুমার খুতবায় গ্রাম আদালতের প্রচারণার জন্য আগে থেকেই চিঠি দেওয়া হয়েছে। নোয়াখালীতে ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন মসজিদগুলোতে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচিতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, গ্রাম আদালত গ্রামের মানুষের বিচারিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে প্রচারণা অব্যাহত থাকবে। প্রয়োজনে গ্রাম আদালতের কর্মকর্তাদের বিভিন্ন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে।

গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং বেসরকারি সংস্থার কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালতকে সম্পৃক্ত করাই এ সভার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ের মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানতে পারবেন। এ সময় তিনি প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মো. শেখ ছাদেক বলেন, গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদার করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজের বাইরেও এ বিষয়ে আলোচনা করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ইতিবাচক মানসিকতা থাকলে গ্রাম আদালতের কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category