বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ ও স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি হাকিম চত্বর ও মধুর ক্যান্টিন এলাকা হয়ে পুনরায় রাজপথে আসে। এ সময় বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজু আহামেদ বলেন, “সরকারের গত ছয় মাসের সাফল্য, অর্জন ও কর্মকাণ্ডকে স্বাগত জানাতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।”
তিনি বলেন, “শিক্ষা ক্যাম্পাসে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।”
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।