• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বুটেক্স প্রতিনিধি / ২৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ‘ড্রিমউইভার সিজন ২: স্টাডি অ্যাব্রড এসেনশিয়ালস’ শীর্ষক এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের মালয়েশিয়াবিষয়ক জ্যেষ্ঠ শিক্ষা পরামর্শক নাবেরা রহমান জিদনি, দক্ষিণ কোরিয়াবিষয়ক শিক্ষা পরামর্শক সাদিয়া সুলতানা ওয়াজিহা এবং আইইএলটিএস, গ্রামার ও পিটিইবিষয়ক জ্যেষ্ঠ প্রশিক্ষক শাহনেওয়াজ নিশান ভূঁইয়া।

সেমিনারে নাবেরা রহমান জিদনি বলেন, “টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে ক্যারিয়ার গড়তে এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সঠিক দেশ ও শিক্ষাপথ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষাগত দক্ষতা বা আইইএলটিএস নিয়ে ভয় না পেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া উচিত। এক্ষেত্রে মালয়েশিয়ার মতো সাশ্রয়ী ও মানসম্মত দেশগুলো উচ্চশিক্ষার জন্য ভালো বিকল্প হতে পারে।”

সাদিয়া সুলতানা ওয়াজিহা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও আবেদনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “তুলনামূলক সাশ্রয়ী টিউশন ফি, শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ এবং ভিসা পাওয়ার সম্ভাবনাসহ বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়া শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।” এছাড়া ই-ভিসার সুবিধা এবং নির্দিষ্ট শর্তে কম সিজিপিএ কিংবা আইইএলটিএস ছাড়াও আবেদনের সুযোগ সম্পর্কে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

শাহনেওয়াজ নিশান ভূঁইয়া তাঁর বক্তব্যে ভাষাগত দক্ষতা, ইংরেজি শেখার কৌশল ও আইইএলটিএসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা ভালো সিজিপিএ সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, কর্মক্ষেত্রসহ জীবনের বিভিন্ন পর্যায়ে সফল হতে আত্মবিশ্বাসের বিকল্প নেই। ভাষার ওপর দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের চিন্তাভাবনা ও ধারণা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে পারাও গুরুত্বপূর্ণ।”

ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যাকরণ মুখস্থ করার পরিবর্তে নিয়মিত ইংরেজি শোনা, পড়া ও কথা বলার অনুশীলনের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, আইইএলটিএস কেবল একটি পরীক্ষা নয়; ভাষাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে।

সেমিনার নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “সেমিনারটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত দেশ নির্বাচন, আইইএলটিএসের প্রস্তুতি ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে সহায়তা করেছে। আশা করি, এ অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category