লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে ঐ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার চলবলা এর এই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক ঢাকা পোস্টকে করে জানান, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাহ আলমকে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।