গ্রিন লক্ষ্মীপুর, ক্লিন লক্ষ্মীপুর’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সম্রাট খীসা, নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: জুলফিকার হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

পৌরসভার তথ্য মতে, পৌরসভায় ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও স্থাপন করা হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে রিসাইকেবল ম্যাটরিয়ালস এবং ওয়েস্ট ম্যাটারিয়ালস আলাদা করে যদি ডিসপোজ করা হয় তাহলে নগরের বায়ু দূষণ ও পরিবেশ দূষণ রোধ হবে এবং লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশ উন্নত হবে।