• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :

ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা বাড়াতে কাজ করছে সরকার

ইউনাইটেড ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে অনেক ইউনিয়ন সাব-সেন্টারে পর্যাপ্ত অবকাঠামো ও চিকিৎসাসেবার সুযোগ নেই। তাই এসব প্রতিষ্ঠানকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ, ইপিআই, ইউনিয়ন সাব-সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নার্সিং শিক্ষা এবং চক্ষু ও হৃদরোগ চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উদ্যোগ দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি শক্ত করেছে।”

তিনি বলেন, “বর্তমানে অনেক ইউনিয়ন সাব-সেন্টারে পর্যাপ্ত অবকাঠামো ও চিকিৎসাসেবার সুযোগ নেই। এসব প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে কার্যকর করতে হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রাইমারি হেলথকেয়ার সেন্টার হিসেবে কার্যকর করে উপজেলা, জেলা ও বিশেষায়িত হাসপাতালের সঙ্গে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে।” এতে সাধারণ মানুষ সহজে ও কম খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।

দুর্গম ও পাহাড়ি এলাকায় কর্মরত চিকিৎসকদের জন্য যথাযথ প্রণোদনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। চিকিৎসকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি এবং মেধাপাচার বন্ধে দেশে-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নত করতে হবে। প্রশিক্ষিত চিকিৎসকদের সারাদেশে ছড়িয়ে দিয়ে স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে হবে। একটি সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়তে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা, কার্যকর রেফারেল ব্যবস্থা, উন্নত চিকিৎসা অবকাঠামো এবং দক্ষ চিকিৎসক তৈরির উদ্যোগ জরুরি।”

অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন ডা. জোবায়দা রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশের বিশিষ্ট চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category