চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম রাকিবের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৮ অক্টোবর সদর মডেল থানায় মামলা করা হয়।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডোমপাড়ার ভীম ডোম (১৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মাঝপাড়ার মো. শাহ জামালকে (৪০) গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থানা ওসি ইনচার্জ একরামুল হক জানায়, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে গত ৮ অক্টোবর এক জোড়া স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।