স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেওয়া শর্তসাপেক্ষ জামিন বাতিলে আরব আমিরাতের (ইউএই) আদালতে আবেদন করবে সরকার। এসময় বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি জানতে পেরেছেন যে, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জামিনের অন্যতম শর্ত হলো তিনি ইউএই ত্যাগ করতে পারবেন না। তবে, আর কী কী শর্ত আরোপ করা হয়েছে, তা নিশ্চিত হতে আদালতের আদেশের প্রত্যয়িত কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “বিষয়টি জানার পরই সরকার ইউএইতে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল ফার্ম) অবহিত করেছে। একই সঙ্গে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কথা বলেছেন। প্রত্যয়িত কপি পাওয়ার পর আদালতে সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথিপত্র উপস্থাপন করে বেনজীরের জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ল ফার্মকে নির্দেশ দিয়েছি, তারা যেন অবিলম্বে আদালতে পিটিশন দাখিল করে বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেয়। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উভয় প্রক্রিয়াই চলমান রয়েছে। আদালতে যাওয়া তার আইনগত অধিকার হলেও বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়েও প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত রেখেছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।”
মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, “রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এ কারণে উৎসব দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উল্টো রথযাত্রার দিন কমলাপুর-মতিঝিল এলাকায় একটি মেট্রোরেল পিলারের নিচে ছাতার ভেতরে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। আনসার সদস্যরা সেটি দেখে পুলিশকে খবর দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপদে সেটি নিষ্ক্রিয় করে।”
তিনি বলেন, “এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে এ ধরনের চেষ্টা করে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
সালাহউদ্দিন আহমদ জানান, আসাদগেট এলাকায় একটি ব্যাগের ভেতরেও বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। সেটিও একইভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উগ্রবাদ ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সার্বক্ষণিক সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বক্তব্য দিয়েছে। তাই এ বিষয়ে নতুন করে মন্তব্য করতে চান না।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।”
আওয়ামী লীগের তৎপরতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের তেমন কোনো সাংগঠনিক সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তারা নিষিদ্ধ ঘোষিত একটি দল। বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু বক্তব্য দেওয়া ছাড়া তাদের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তবে, যেকোনো ঘটনার সঙ্গে কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তের মাধ্যমে তা উদঘাটন করা হবে।”