ভয়াবহ দাবানলে নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের। ইতিমধ্যে রাজ্যটি থেকে অন্তত ৬০ হাজারের বেশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আমেরিকান সরকার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।
ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং এর আশপাশে ছড়িয়ে পড়া আগুন সপ্তাহান্তে প্রায় ২১ বর্গকিলোমিটার (৮ বর্গমাইল) এলাকা পুড়িয়ে দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ডজনখানেক দাবানলের মধ্যে এটি অন্যতম, যা নেভাতে গিয়ে তীব্র হিমশিম খাচ্ছে ফেডারেল, রাজ্য ও স্থানীয় অগ্নিনির্বাপক সংস্থাগুলো।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রায় এক হাজার বর্গকিলোমিটার (৩৮৬ বর্গমাইল) এলাকা আগুনে পুড়ে গেছে। স্পোকেন অঞ্চলের আগুনসহ বেশ কয়েকটি দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক করে বলেছেন, উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
স্পোকেন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে ভবন জ্বলছে, আবাসিক এলাকার কাছ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও কোথাও শুধু চিমনি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।
স্থানীয় সময় রবিবার (২ আগস্ট) ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, “আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন আমাদের জন্য খুবই কঠিন হতে পারে।”
দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
শুধু স্পোকেন নয়, যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঞ্চলেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে টানা দশম দিনের মতো বুলডোজার ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার (৫২৫ বর্গমাইল) তৃণভূমি পুড়ে গেছে। গবাদিপশু পালনের জন্য পরিচিত ওই এলাকায় আগুনের হুমকির মুখে রয়েছে ৬০০টির বেশি বাড়ি এবং আরো প্রায় ৮০০টি স্থাপনা।
এদিকে, মধ্য উটাহে সপ্তাহান্তে আরেকটি বড় দাবানল দ্রুত বিস্তার লাভ করেছে। আগুনের বিস্তৃতি প্রায় ৪১ বর্গকিলোমিটার (১৬ বর্গমাইল) থেকে বেড়ে রবিবার সকাল নাগাদ ১৪৫ বর্গকিলোমিটার (৫৬ বর্গমাইল) এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এ আগুনে ১০০টিরও বেশি গবাদিপশু মারা গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা