জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
যশোরের কেশবপুর উপজেলা শহরের বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। শহরের যানজট নিরসন এবং পথচারীদের চলাচল স্বাভাবিক করতে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে । এ সময় শহর এলাকার মহাসড়কের উপর যত্রতত্র গাড়ী পার্কিং এবং ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত থেকে তাদের অবৈধ স্থাপনা বা দোকানপাট সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মো: এনামুল হক, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।