স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। কারাম উৎসব উপলক্ষে উপজেলার ১০টি আদিবাসী পল্লীতে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আদিবাসী নেতারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর হিলি পৌরসভার গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়াসহ উপজেলার বিভিন্ন আদিবাসী পল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা পূজা-অর্চনা, প্রার্থনা, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসব পালন করেন।
স্থানীয়রা জানান, কারাম উৎসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। পূর্বপুরুষদের সময় থেকে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে এ উৎসব পালন করে আসছেন তারা। উৎসব উপলক্ষে দিনব্যাপী উপবাস শেষে সন্ধ্যায় পূজা-অর্চনা ও প্রার্থনা করেন তারা। পরে শুরু হয় নাচ-গান ও আনন্দ-উৎসব।
কারাম উৎসবের মাধ্যমে বিপদ-আপদ থেকে মুক্তি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা ও খরা থেকে রক্ষা এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করা হয় বলে জানান আয়োজকরা। উৎসব দেখতে আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পল্লীগুলোতে ভিড় করেন।
এদিকে গোহাড়া ও গোহাড়া আদিবাসীপাড়ায় কারাম উৎসব পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পরে মন্ত্রীর পক্ষ থেকে সরকারি অনুদানের অর্থ স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় আদিবাসী নেতারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন সময়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করেছেন। তবে এবারই প্রথম কারাম উৎসব উপলক্ষে সরকারি অনুদান পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। অনুদানের পরিমাণ তুলনামূলক কম হলেও এটিকে সরকারি সহযোগিতার একটি নতুন সূচনা হিসেবে দেখছেন তারা।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, ‘‘স্বাধীনতার ৫৪ বছর পর আদিবাসীদের ধর্মীয় কারাম উৎসবে অংশ নিতে পেরে আমিও আনন্দিত। বিএনপির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবেন—এ জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘সরকার দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের জন্য সহযোগিতার উদ্যোগ নিচ্ছে। দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য না রাখার লক্ষ্যেই এ ধরনের সহযোগিতা করা হচ্ছে।’’
কারাম উৎসব উপলক্ষে উপজেলার উদয়গিরি, গোহাড়া, গোহাড়া আদিবাসীপাড়া, বাগমাড়া, মালঞ্চা, হাতিশোঁওসহ ১০টি আদিবাসী পল্লীতে উৎসব অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, উপজেলা আদিবাসী সংগঠনের সাবেক চেয়ারম্যান বাদল টপ্প, আহ্বায়ক জুয়েল টপ্পো, সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।