মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে প্রাইভেটকারে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর’ নামে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি গজারিয়ার মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। এতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।