মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষীকা নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) । ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। অপ্রতীম বাড়িতে না ফেরার ঘটনায় আগের দিন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি চালান। ম্যাজিক প্যারাডাইস-সংলগ্ন পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, অপ্রতীমের কাছে থাকা তার মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।