দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে বাড়ছে নতুন রোগীর সংখ্যা, অন্যদিকে থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৬ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই মারা গেছেন চারজন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৮১ জন, সিলেটে ১৯৭ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৯৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।