লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘দুই-তিন দিন পর হাসিনা আওয়াজ দেয় বাংলাদেশে আসবে। আমরাও তো হাসিনাকে আনার জন্য চেষ্টা করি। হাসিনা আসো। হাজার হাজার মানুষ হত্যা করেছে। নিরপরাধ মানুষকে নিয়ে আয়নাঘরে রেখে নির্বিচারে অত্যাচার, নির্যাতন, হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। হাসিনার বিচার এবং হাসিনার দোষরদের বিচার আমরা বাংলাদেশে করব ইনশাআল্লাহ।’
লক্ষ্মীপুরের উত্তর বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা চ্যাম্পিয়ন বালিকা দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ তো হাসিনা নষ্ট করে গেছে। সবচেয়ে বেশি লুটপাট করছে বিদ্যুৎ সেক্টর থেকে হাসিনা। হাসিনা এবং হাসিনার বোন, হাসিনার সন্তান, আত্মীয় স্বজন, ভাগিনা-ভুগিনা ওদের যে ফুফাতো ভাই মামাতো ভাই যা আছে এরা আঠারো লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। এত টাকা আমাদের বাজেটের মধ্যেও নাই।’
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উত্তর বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রানী মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।