দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১ জুন) প্রকাশিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৮ জনের।
বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাওয়া তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্তদের সংখ্যা ১ হাজার ১৩৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৫৭ হাজার ৯০২ জন রোগী।
এর আগে গত কয়েক দিনে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার তথ্য জানানো হয়েছিল—গত বুধবার ও বৃহস্পতিবার পাঁচজন করে এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে নজরদারি, টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।