• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

আইএমএফের কাছে নতুন ঋণ চায় বাংলাদেশ

বাণিজ্য ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচির জন্য আবেদন করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে গত ৯ জুন আইএমএফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য আকার ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফের নির্বাহী পর্ষদ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগের ঋণ কর্মসূচি গ্রহণের সময়কার অর্থনৈতিক ও নীতিগত বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বাস্তবতার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছিল। তবে সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে আসতে চায় না; বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে তা বাস্তবায়নের পক্ষে।

এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের প্রেক্ষাপটে ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে ২০২৫ সালে ওই কর্মসূচির আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ ৩৬৪ কোটি ডলার পেয়েছে। তবে শর্ত পূরণ না হওয়ায় ষষ্ঠ কিস্তির অর্থছাড় আটকে আছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে আইএমএফের একটি প্রাক-মিশন ঢাকা সফরে আসবে। সফরকালে তারা সরকারের বিভিন্ন সংস্থা ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করবে।

নতুন কর্মসূচির আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো বিষয় গুরুত্ব পাবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আইএমএফকে চিঠি পাঠানো হয়েছে এবং এ নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category