পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নয় মরক্কো।গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে হার এড়িয়েছে ব্রাজিল। মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় জানাচ্ছিলেন, জয়ের জন্যই খেলেছিলাম। ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা কাজ করছে।
নিউ জার্সিতে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফেরায় ব্রাজিল। বিরতির পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি।
ম্যাচ শেষে উয়াহবি বলেন, ‘আমরা ভালো খেলেছি। লক্ষ্য ছিল জয়। কিন্তু ফুটবল এমনই। যেসব জায়গায় ঘাটতি ছিল, সেগুলো নিয়ে কাজ করতে হবে। স্কটল্যান্ডের বিপক্ষে আরও ভালোভাবে প্রস্তুত হতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা হতাশ, কারণ তারা জিততে চেয়েছিল।’
ড্র করেও একটি রেকর্ড গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে এটিই যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। স্পেনও সমান সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কমে যাওয়ার কারণ হিসেবে গরম আবহাওয়ার কথা উল্লেখ করেছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে গেছে, যা স্বাভাবিক। এখন আমরা স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন। সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছি।’
১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমিরা। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।