দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা ও তদারকি কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ব্যাংকটির সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যাংক খাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্যাংকটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে।
তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।