প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ দুই দল মুখোমুখি হয়েছে। এদিন চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে চোট পাওয়া কাপ্তান লিটনকে রাখা হয়নি প্রথম টি-টোয়েন্টির একাদশে। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন তাওহিদ হৃদয়।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। এদিন একাদশে রাখা হয়েছে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত হওয়া সৌম্য সরকারকে।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।