রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি।
১০জুন (বুধবার) দুপুরে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয় অ-১৮ প্রতিযোগিতা। আর অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। বাংলাদেশের প্রতিপক্ষ মাঠে নামবে আফগানিস্তান।
অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। পাশের দেশসহ এশিয়া ও ইউরোপের সব দেশের সঙ্গে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে দেশের ক্রীড়ঙ্গনকে সমৃদ্ধ করা সম্ভব । আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ।