খুলনার দক্ষিণ লবণচরা এলাকায় গাজী রফিকুল ইসলাম (৪৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লবণচরার মাথাভাঙ্গা দশ গেট এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত গাজী রফিকুল ইসলাম বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।
রফিকুল ইসলামের স্ত্রী হালিমা বেগম জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেকে খুঁজতে গিয়ে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসেছিলেন তার স্বামী। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার তলপেটে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামীর মৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করে হালিমা বেগম বলেন, গত ১৭ বছর ধরে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মধ্য দিয়েও তিনি টিকে ছিলেন। অথচ এখন দল ক্ষমতায় থাকার সময় তাকে প্রাণ দিতে হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।