ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের সব সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে এ ঘোষণার মাইকিং করা হয়।
মাইকিংয়ে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আগামী ০৫/০৮/২০২৬ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। আরও উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের সর্বক্ষণিকভাবে নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। আদেশক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ অনেক আগে থেকেই নিষিদ্ধ আছে। কিন্তু এটা যে বহিরাগত মুক্ত ক্যাম্পাস সেটা মানুষ ভুলে যায়। সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই মাঝেমধ্যে মাইকিং করা হয়। কিছু বিশেষ দিনে এবং প্রোগ্রামে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অন্যান্য ক্যাম্পাসে সংঘর্ষ বা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলেও ইবিতে সে ধরনের কোনো আশঙাকা নেই। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বাড়তি সতর্কতা হিসেবে এটা করা হয়েছে।