সরকারি তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘রান ফর ভিক্টোরি ২.০’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও অবদান স্মরণে এই ম্যারাথন। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৬টায় সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথনটি শুরু হয়। নির্ধারিত রুট অনুযায়ী অংশগ্রহণকারীরা কলেজের প্রধান ফটক থেকে গুলশান-১ পর্যন্ত দৌড়ে পুনরায় কলেজ গেটে ফিরে আসেন।
আয়োজকরা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও ঐতিহাসিক ঘটনাকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে।
ম্যারাথন শেষে সরকারি তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বিজয়ের আয়োজন। আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি অংশগ্রহণকারী এতে যুক্ত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা গেলেও তিতুমীর ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতেও এই সহাবস্থান ও সম্প্রীতি অটুট থাকবে বলে আমরা আশা করি।’
কলেজ শাখার সভাপতি খাদেমুল ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আমরা এই ম্যারাথনের আয়োজন করেছি। জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের মধ্যে উজ্জীবিত রাখাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই দিনটিকে আমরা এমন একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ করি, যেদিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই প্রেক্ষাপট ও স্মৃতিকে ধারণ করেই আজকের এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’