• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক / ১২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফলে দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান আরও শক্তিশালী করলেন বাফুফের সাবেক এই কর্তা।

২০০৯ সালে প্রথমবার সাফের দায়িত্ব নেওয়া সালাউদ্দিন এবারও কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি। ফলে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই আরও চার বছরের জন্য তাকে সভাপতি ঘোষণা করা হয়। পঞ্চম মেয়াদে দায়িত্বে ফেরার পথ অবশ্য আগেই অনেকটাই তৈরি হয়েছিল। গত বছর কলম্বোতে সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রে পরিবর্তন এনে সভাপতি পদের বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। আগে ৭০ বছরের বেশি বয়সী কেউ একই পদে থাকতে পারতেন না। সেই নিয়ম বাতিল হওয়ার পরই নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান সালাউদ্দিন।

এবারের নির্বাচনে তিনি মনোনয়নপত্র নেন ভুটান ও নেপালের সমর্থনে। এর আগে চার দফায় বাংলাদেশের সমর্থন নিয়ে সভাপতি নির্বাচিত হলেও এবার সেই পথ বেছে নেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাফুফের সভাপতির পদ হারানোর প্রেক্ষাপটে বর্তমান বাফুফে নেতৃত্বকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাননি বলেই তিনি নিজ দেশের সমর্থন নেননি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

সভাপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় সালাউদ্দিনের পুনর্নির্বাচন ছিল অনেকটাই নিশ্চিত। থিম্পুতে আজ সেই আনুষ্ঠানিক প্রক্রিয়াই সম্পন্ন হলো। এদিকে সাফের নতুন নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ বিকেলেই থিম্পুতেই অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ফলে সাফের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের মধ্য দিয়েই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category