যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে যশোর–সাতক্ষীরা মহাসড়কের মাইকেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার শিকারপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সাবেক উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মাইকেল গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।