জুলাই-আগস্টের (২০২৪ সাল) ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আবাসিক হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটেও পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
এছাড়া, বিভিন্ন আবাসিক হলেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি শামসুন নাহার হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, রোকেয়া হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, অমর একুশে হল, বিজয় একাত্তর হল, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছাত্রী নিবাস এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেলেও জুলাই ও আগস্টজুড়ে স্মারক অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।