বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দঘন মুহূর্ত ধারণ করতে গিয়ে নেত্রকোনায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র দীপ্ত চৌধুরী (২৩)। আনন্দ মিছিলের ভিডিও করতে একটি ভবনের ছাদে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।
গতকাল ১৫ জুলাই ( বুধবার) রাত প্রায় তিনটার দিকে শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র সন্তান। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা অনুষ্ঠিত হয়। এতে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। রাত ১টার দিকে শুরু হওয়া খেলা দেখতে দীপ্ত চৌধুরী বাসার থেকে বের হন। পরে তিনি বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন। রাত তিনটার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে দীপ্ত চৌধুরী ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।