• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে জাবি প্রশাসনকে স্মারকলিপি

জাবি প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রংপুর বিভাগীয় শহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা আয়োজন এবং এ লক্ষ্যে পৃথক উপকমিটি গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ‍্যায়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ই জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ভিসি বরাবর স্মারকলিপিটি দেন জাবিতে অধ্যয়নরত রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কয়েকজন শিক্ষার্থী।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ এবং এ-সংক্রান্ত উপকমিটি গঠন করায় তারা সাধুবাদ জানাচ্ছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ কমিয়ে উচ্চশিক্ষায় প্রবেশকে আরও সহজ করার এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

তবে তারা অভিযোগ করেন, গঠিত উপকমিটিতে দেশের আটটি বিভাগের মধ্যে রংপুর বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা সমতার নীতি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার পরিপন্থি। প্রতিবছর রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকাসহ অন্যান্য শহরে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে অতিরিক্ত যাতায়াত ব্যয়, আবাসন সংকট, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং মানসিক চাপের মুখে পড়তে হয়।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত ব্যয় উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনিক সক্ষমতা বিদ্যমান রয়েছে। ইতোমধ্যে বিসিএস, বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রংপুর বিভাগীয় শহরে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও সেখানে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব বলে শিক্ষার্থীরা মনে করেন।

এ সময় রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো— রংপুর বিভাগীয় শহরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা, রংপুরে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাই, স্থান নির্বাচন ও বাস্তবায়নের জন্য অবিলম্বে একটি পৃথক উপকমিটি গঠন এবং ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে দেশের সব বিভাগের শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিতে বিশ্বাস করে। তাই উপাচার্যের নেতৃত্বে রংপুর বিভাগের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি ইতিবাচকভাবে বিবেচিত হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্মারকলিপিটি রংপুর বিভাগের অন্তর্ভুক্ত আট জেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মিলিত ও ঐকমত্যপূর্ণ দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, বুধবার রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়। তবে এতে রংপুর বিভাগ অন্তর্ভুক্ত না হওয়ায় উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category