সিরাজগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২-১৫ জন আহত এবং কয়েকটি বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
৮ জুলাই (বুধবার) রাতে শহরের মিরপুর মহল্লায় দুই দলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের খেলা শেষে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে আর্জেন্টিনার ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। পরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ থেকে ৭টি বাড়ি ও মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মিসরের খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। আর এ তুচ্ছ ঘটনা নিয়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনমনে মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান।’