• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

জুলাইয়ের অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম বরাদ্দ না দেওয়ার অভিযোগ তিতুমীর কলেজ প্রশাসনের বিরুদ্ধে

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৫৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘লহু রাঙা জুলাই’ শীর্ষক কর্মসূচির জন্য শহীদ বরকত মিলনায়তন ব্যবহারের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ প্রশাসনের বিরুদ্ধে।

রোববার (৫ জুলাই) তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নিরব তাদের নিজ নিজ ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে শাখা আহ্বায়ক শাখাওয়াত হোসেন জানান, আগামী ৯ জুলাই ‘লহু রাঙা জুলাই’ শিরোনামে তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্বঘোষিত কর্মসূচির জন্য শহীদ বরকত মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হলেও কলেজ প্রশাসন তা নাকচ করে দেয়।

তিনি বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করানোর পরও তাদের অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ‘অদৃশ্য চাপ রয়েছে’ বলে জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, সংগঠনটির সদস্য সচিব আল নোমান নিরব তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বদানকারী দুইজন সংসদ সদস্যকে ‘লহু রাঙা জুলাই’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা কলেজ প্রশাসন আগে থেকেই অবগত ছিল।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সংসদ সদস্য অতিথি হিসেবে উপস্থিত থাকলে অডিটোরিয়াম বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তবে চূড়ান্ত অতিথি তালিকা জমা দেওয়ার পর প্রশাসন ‘রাজনৈতিক চাপের’ অজুহাত দেখিয়ে অডিটোরিয়াম বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায় এবং বর্ষাকালে খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেয়।

এদিকে আজ সোমবার (৬ জুলাই) বিষয়টি নিয়ে আলোচনা করতে জাতীয় ছাত্রশক্তিসহ কলেজের অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রশাসনের কারও সাক্ষাৎ পাননি বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘আমি আজ কলেজে যাইনি। মন্ত্রণালয়ে আমার একটি কাজ ছিল। আগামীকাল তাদের সঙ্গে কথা বলব। আর অডিটোরিয়ামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category