ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ভাইকিংসদের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। এতে ৩৬ বছর পর বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় ঘটলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। পাশাপাশি সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন হিসেবে পরিচিত ‘মিশন হেক্সা’র আরেকটি ব্যর্থ অভিযান শেষ হলো।
৫ জুলাই (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে থাকে ব্রাজিল। সুযোগও সৃষ্টি হয় তাদের সামনে। সেলেসাওদের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় উভয় দল। তবে ঠিকঠাক লক্ষ্যভেদ হচ্ছিল না। ম্যাচের ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে দুটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামেন নেইমার ও দানিলো।
দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর নিজের রূপে ফিরেন হালান্ড। ম্যাচের ৭৯ মিনিটে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেয় তারকা।
নির্ধারিত সময়ের ১ মিনিট আগে ফের সেলেসাও রক্ষণভাগকে ফাঁকি দিয়ে স্কোর করেন হালান্ড। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা প্রতিপক্ষ রক্ষণভাগ ভেস্তে দেয়।
অতিরিক্ত সময়ে ব্রাজিলের পাওয়া পেনাল্টিতে স্কোর করেন নেইমার, যা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।