প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব জয়ের স্বপ্ন দেখেছিল আলজেরিয়া। তবে সেই স্বপ্ন আর বাস্তব হলো না। শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে লড়লেও শেষ পর্যন্ত ২-০ গোলের হারে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে উত্তর আফ্রিকার দলটিকে।
ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে সুইজারল্যান্ড। দশম মিনিটে দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে মাঝমাঠ থেকে বল টেনে বক্সে ঢুকে নিখুঁত পাস দেন জোহান মানজাম্বি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো।
গোল হজমের পর আলজেরিয়া সমতায় ফেরার চেষ্টা চালিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বড় ধাক্কা খায় আলজেরিয়া। খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে।
এরপর ম্যাচে ফিরতে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়ার কোচ। মাহরেজের একটি শট সুইস রক্ষণে আটকে যায়, আর শেষদিকে হাজ মুসা ও বুলবিনার চেষ্টাও ব্যর্থ হয়।
অন্যদিকে সুইজারল্যান্ডও তৃতীয় গোলের সুযোগ পেয়েছিল। তবে ফাবিয়ান রিডারের সহজ সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান আর বাড়েনি।