ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বুধবার দুপুর ১২টায় প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার সমন্বয়ে আরেকটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই দুই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ, এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোশারফ হোসেন।
এছাড়া, অধিকতর তদন্তপূর্বক ঘটনার কারণ উদঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ ও শাস্তির ধরন নির্ধারণসহ সুপারিশ পেশ করার জন্য খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. এ এস এম আয়নুল হক আকন্দকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী প্রক্টর মোঃ জাকির হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার মোঃ সালাউদ্দিন মোল্লা
অফিস আদেশে আরও বলা হয়, তদন্ত কমিটিকে দ্রুত তদন্তপূর্বক মাননীয় উপচার্যের নিকট প্রতিবেদন পেশ করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস ‘গোধূলী’তে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে আলোচনায় বসেন প্রক্টরসহ বিভাগের শিক্ষকরা। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মীমাংসা শেষে তারা কোলাকুলিও করেন। মীমাংসা শেষে আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম অনুষদ ভবন থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর আইসিটি বিভাগের বাকি শিক্ষক-শিক্ষার্থীরা বের হওয়ার সময় বাংলা বিভাগের শিক্ষার্থীরা আচমকা হামলা করেন। এবং এটাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আইসিটি বিভাগের শিক্ষকসহ দুইজন আহত হয়।