জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে তাকে এই মনোনয়ন দিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৬-এর ২৪(১)(ঙ) ও ২৪(৩) ধারা অনুযায়ী প্রথিতযশা ক্যাটাগরিতে তাঁকে সিন্ডিকেট সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে বলে ওই আদেশে বলা হয়।
ড. নাহরিন ইসলাম খান একজন প্রথিতযশা ভূগোলবিদ, গবেষক ও নীতিবিশ্লেষক। বাংলাদেশ ও জার্মানিতে গবেষণা, শিক্ষকতা ও নীতি প্রণয়নে তাঁর ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে পিএইচডি অর্জন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ভূগোল ও পরিবেশে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত শাসন ও টেকসই উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি Alexander von Humboldt Fellow হিসেবে জার্মানির ওল্ডেনবুর্গ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং সায়েন্টিস্ট ছিলেন। বর্তমানে তিনি Conflict and Resilience Research Institute Canada (CRRIC)-এর পরিচালক এবং Peace in Myanmar প্রকল্পের কো-ডিরেক্টর। পাশাপাশি Rules of Law on Earth প্রকল্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তাঁর কাজের প্রধান ক্ষেত্র মানব ভূগোল, টেকসই উন্নয়ন, সংঘাত রূপান্তর, শান্তি প্রতিষ্ঠা ও পরিবেশগত শাসন।
উল্লেখ্য, একই আদেশে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরি আরও দুইজনকে মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।