ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির তাইজ ও লাহেজ প্রদেশে হুথিদের সঙ্গে দুই দিনের সংঘাতে অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ সাত হুথি যোদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত দুই দিনের টানা সংঘর্ষে তাদের ১৩ সেনা প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর অধীনস্থ ‘তুর আল-বাহা মিলিটারি এক্সিস’ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই হতাহতের খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
সাম্প্রতিক সময়ে তাইজ, মারিব, আল-জাওফ, আল-বায়দা ও লাহেজসহ ইয়েমেনের একাধিক ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করেছে।
এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী আব্দুল বাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির কাছে কাহবুব ফ্রন্টে হুথিদের শীর্ষ কমান্ডার ফিরাক মোহসেন আল-আসার ও তার ছয় সহযোগী নিহত হয়েছেন।
বাব আল-মান্দেব প্রণালির ওপর পাহাড়ি এলাকা নিয়ে গঠিত এই কাহবুব ফ্রন্টে সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। গোষ্ঠীটির ঘনিষ্ঠ কিছু সূত্র ও অ্যাক্টিভিস্টরা কমান্ডার আল-আসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির বেশ কিছু প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে দীর্ঘ গৃহযুদ্ধ চলছে। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করার জন্য ২০১৫ সালের মার্চ মাচে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট গঠন করা হয়।
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সুবাদে ইয়েমেনে দীর্ঘদিন কিছুটা শান্তি বজায় থাকলেও, চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে দেশটিতে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে।
চলতি মাসে লড়াই চরম আকার ধারণ করেছে, যেখানে হুথিরা লোহিত সাগর উপকূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এই লড়াই সৌদি আরবের অভ্যন্তরেও ছড়িয়েছে। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সরকারি বাহিনীর হামলার জবাবে হুথি যোদ্ধারা সৌদি আরবেও হামলা চালাচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি