• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

চীনে এক জাহাজে আগুন লেগে ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ নামক একটি জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছে। জাহাজটি চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করা ছিলো। অগ্নিকাণ্ডের শিকার জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ বলে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকার অধীনে চলাচল করে।

আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজ থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজে থাকা কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

গত ৩১ আগস্ট মেরামতের উদ্দেশ্যে জাহাজটি কিংদাও বন্দরে পৌঁছেছিল। এর আগে এটি জিয়াংসু প্রদেশ থেকে উত্তরের দিকে যাত্রা করে। আগামী রোববার জাহাজটির কিংদাও বন্দর ছাড়ার কথা ছিল। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও জরুরি উদ্ধারকারী দলগুলোকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার পর দ্বিতীয় পর্যায়ের বিপর্যয় ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দেন। কর্মক্ষেত্রে থাকা বিভিন্ন ঝুঁকি পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

বেইহাই শিপবিল্ডিং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) অধীন একটি প্রতিষ্ঠান। বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি সিএসএসসির এই কোম্পানির প্রধান কার্যক্রমের মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামত রয়েছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে চীনের কোনো জাহাজ নির্মাণকেন্দ্রে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ১৩ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে এক দমকলকর্মী নিহত হন। তাইওয়ান প্রণালির অপর পারে অবস্থিত ফুজিয়ান চীনের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category