গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ আগুনে শিক্ষার্থীসহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। পুড়েছে অন্তত ৩০০ বাড়ি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) আল জাজিরা ও ও বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দুটি স্থানীয় স্কুল ও আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপি জানায়, উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি কাছের একটি বসতিও ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি বাড়ি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, জানা যায়, আগুন লাগার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পদদলনের ঘটনাও ঘটে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। শ্বাসকষ্টে আক্রান্ত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ
এফসি/এম২৩ মুখপাত্র কানিউকা জানান, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দেশটির রাজধানী কিনশাসাভিত্তিক সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে।