• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ১১০ বোতল এসকুফ সিরাপ ও টায়ার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেলসহ মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ জব্দ করা হয়।

এরপর সকাল সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও টায়ারের সর্বমোট মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category