• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিবগঞ্জ-ভোলাহাট সীমান্তে ৫০২ বোতল এসকুফ ও ইয়াবাসহ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে রাতভর পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ, একটি সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করে। এ সময় আরও চারজন চোরাকারবারি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

অন্যদিকে, চাঁনশিকারী বিওপির টহল দল ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪৪ বোতল এসকুফ সিরাপ জব্দ করে।

এ ছাড়া তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮ বোতল এসকুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করে।

তিনটি অভিযানে সর্বমোট ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category