• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
oppo_0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং প্রতিটি শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এ দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দিকনির্দেশনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। বিদ্যালয়ের বাইরে থাকা প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা নীতিনির্ধারণ ও বাস্তবায়নের কাজ করলেও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কাজ করেন শিক্ষকরা। তাই শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি মনোযোগী হয়ে মানসম্মত শিক্ষা দিতে হবে।

শিক্ষার্থীদের মনোযোগ কমে যাওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা অনেক সময় শুধু সন্তান বা শিক্ষার্থীদের দোষ দিই—তারা টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে, তাদের মনোযোগ কম। কিন্তু আমাদেরও আত্মসমালোচনা করতে হবে। শিক্ষার্থীদের প্রতি আমরা কতটা মনোযোগ দিচ্ছি, সেটিও দেখতে হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category